নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারী, ২০১৬
প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী কাজী হাবিব নিহত হওয়ার ঘটনায় বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খুন হওয়া কাজী হাবিব এই বিশ্ববিদ্যালয়েরই বিবিএ ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন।
এদিকে, হাবিবের মরদেহ মঙ্গলবার রাতেই ওসমানী হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে বুধবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন হাবীব।
আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১ টায় এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিব।
হামলার প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় নগরীর শামীমাবাদে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে সাগর ও সোহেলের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী তার উপর হামলা চালায়। এসময় হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা।
সিলেট বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মুহিব ইবনে সিরাজ জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।