Sylhet Today 24 PRINT

এসআইইউতে ইংরেজি বিভাগের কর্মশালা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২৪

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ' স্ট্র‍্যাটেজিস ফর ইনহান্সিং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ' শিরোনামে এ ওয়ার্কশপ পরিচালনা করেন আমেরিকান দূতাবাস, ঢাকার ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো ক্যালী রয়স্টার।

ওয়ার্কশপে তিনি তরুণ শিক্ষার্থীদের ইংরেজিতে কমিউনিকেশন দক্ষতা অর্জনের লক্ষ্যে হাতে কলমে বিভিন্ন কৌশল শেখান।

এদিকে, কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন,ইংরেজি শুধুমাত্র একটি ভাষা নয় বরং পেশাগত উৎকর্ষতা সাধনের অন্যতম নিয়ামক।

উপাচার্য তার বক্তব্যে  আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেবল ক্লাস,পরীক্ষায় আবদ্ধ থাকলে হবে না, তাদের নিত্য নতুন জ্ঞানের অনুসন্ধান করতে হবে। কর্মশালা,সেমিনার, সিম্পোজিয়াম সেই জ্ঞানের সন্ধান দেয়।

ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

ইংরেজি বিভাগের প্রভাষক এবং ওয়ার্কশপ আয়োজন কমিটির সদস্য মাহফুজা আক্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ এবং ওয়ার্কশপ আয়োজন কমিটির আহবায়ক তাসনিম সুলতানা।

ওয়ার্কশপে ইংরেজি বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো ওয়ার্কশপ সমন্বয় করেন ইংরেজি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম এবং এস.কে.শাহরিয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.