Sylhet Today 24 PRINT

সার্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২৬ মে, ২০২৪

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নেওয়া সার্বজনীন পেনশন স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা।

রোববার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাবি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে অংশ শিক্ষকবৃন্দ।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

এ বিষয়ে তিনি বলেন, আমরা বাড়তি কিছু চাচ্ছিনা, যেটা আছে সেটা বহাল রাখার দাবি জানাচ্ছি। শিক্ষকরা যেটা পাচ্ছে, সেটা থেকে বঞ্চিত করার সুযোগ নেই। বর্তমানে ৯৫ শতাংশের বেশি শিক্ষক আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন। তাই দেশব্যাপী শিক্ষকরা আন্দোলনে নেমেছে।

সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসি কুমার দাস বলেন,  সর্বজনীন পেনশন স্কিম বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার জন্য ভয়াবহ একটি প্রকল্প। উচ্চশিক্ষাকে টার্গেট করে নানা ধরনের স্কিম নেওয়া হচ্ছে, এটা কার্যকর হলে দেশের শিক্ষার উপর ভয়ানক প্রভাব ফেলবে। তাই এ প্রকল্প বাতিল করার আহ্বান জানান তিনি।

অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, আমরা নতুন দাবি নিয়ে রাস্তায় দাঁড়ায়নি, শিক্ষক হিসেবে আমরা যে সুবিধা পেয়ে আসছিলাম আমাদের সেই অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে দাঁড়িয়েছি। দেশব্যাপী শিক্ষকরা আন্দোলন করছে, তবে কেউ কর্ণপাত করছে না।

পরিশেষে পরবর্তী কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.