Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির চতুর্থ সমাবর্তন জানুয়ারিতে, সমাবর্তন বক্তা ড. ফরাসউদ্দিন

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৫ জুন, ২০২৪

বহুল প্রতীক্ষিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ সমাবর্তন সম্ভাব্য ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এতে বক্তা  হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

মঙ্গলবার (০৪ জুন) বিশ্বিবদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন সম্ভাব্য আগামী বছরের জানুয়ারি অনুষ্ঠিত হবে। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছি, আশা করছি তা আমরা পাব। এবারের সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

তিনি বলেন, আমাদের যেসব শিক্ষার্থী এখনো কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট নিতে পারেনি, তাদের জন্য আবারো স্পেশাল সেমিস্টার চালু করা হবে। এরআগেও তাদেরকে আমরা কোর্স সম্পন্ন করার সুযোগ করে দিয়েছিলাম। আমরা চাই শিক্ষার্থীরা সুন্দরভাবে ডিগ্রি নিয়ে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করুক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ই-সাইন সার্টিফিকেট পাবে, এজন্য ডামি ই-সাইন সার্টিফিকেট দেখানো হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পোস্টগ্রাজুয়েশন, এমফিল, পিএইচডি ডিগ্রির নীতিমালার অনুমোদন, ডিজিটাল একাডেমিক সিলেবাস প্রণয়ন, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বহিষ্কৃত ২ শিক্ষার্থীকে পুনরায় ক্লাস-পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.