Sylhet Today 24 PRINT

বিশ্বের যেকোনো জায়গায় বসে সেবা পাবে শাবিপ্রবির শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০৬ জুন, ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্তে বসে অনলাইনে একাডেমিক সনদ, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, গ্রেডসীট উত্তোলনসহ নানা ধরনের সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (০৬ জুন) বিশ্ববিদ্যালয়ের এপিএ কর্তৃক আয়োজিত সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে স্টেকহোল্ডারদের অংশগ্রহণ সভায় এ কথা বলেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় সকল স্টেকহোল্ডারদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সময়মতো অফিস করা, আজকের ফাইল কালকের জন্য ফেলে না রাখা, নিয়মিত দায়িত্ব পালনসহ বিভিন্ন কাজ সময়মতো করতে হবে।

তিনি আরও বলেন, এখন পুরো বিশ্ববিদ্যালয়কে ক্যাশলেস করে তৈরি করা হচ্ছে। আমরাই প্রথম ই-সাইন সার্টিফিকেট চালু করেছি। শিক্ষার্থীরা বিশ্বের যেকোনোপ্রান্তে বসে টাকা পরিশোধ করে সার্টিফিকেট নিতে পারবে। এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ কাজ ডি-নথিতে সম্পন্ন হয়। আশা করছি কয়েক বছরের মধ্য এ বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ প্রতিষ্ঠানে পরিনত হবে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো ফজলুর রহমানের সভাপতিত্বে এবং এপিএ ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপসচিব মো. আসাদুজ্জামান, সহকারী পরিচালক মোস্তাক আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.