Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির চতুর্থ সমাবর্তন ২৬ জানুয়ারি, শিক্ষার্থীরা পাবেন ই-সাইন সার্টিফিকেট

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০৮ জুলাই, ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন। এতে বক্তা হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

সোমবার (০৮ জুলাই)  বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এরআগে গত ৪ জুলাই বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে সমাবর্তনের অনুমতি দেন রাষ্ট্রপতি। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন।

সমাবর্তন নিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের স্বপ্ন শিক্ষার্থীরা সফলভাবে ডিগ্রি নিয়ে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করুক। এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পাস করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ফলে আর জট থাকবে না, এরপর নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে শিক্ষার্থীদের ই-সাইন সার্টিফিকেট প্রদান করা হবে।

জানা যায়, ১৯৯১ সালে শাবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরুর ৬ বছর পর ১৯৯৮ সালের ২৯ এপ্রিল প্রথম সমাবর্তন, এর ৯ বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বশেষ দীর্ঘ ১৩ বছর পর ২০২০ সালের ৮ জানুয়ারি শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশনেন। আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ সমাবর্তনে সর্বশেষ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.