Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে পাশে দাঁড়াবে শাবিপ্রবি কর্তৃপক্ষ

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০১ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে কোন শিক্ষার্থী হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ প্রক্রিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।

এতে আরও বলা হয়, শাবিপ্রবির কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসকে অবহিত করার জন্য অনুরোধ করা হল। এতে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে। প্রক্টর অফিসের ০১৫২১-৪৬১৫২৮, ০১৯৮৬-৪৩১৫২১ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.