Sylhet Today 24 PRINT

নির্দলীয় প্রশাসন নিয়োগের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০২৪

নির্দলীয় নিরপেক্ষ প্রশাসন নিয়োগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, দ্রুত নির্দলীয় প্রশাসন নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, ছাত্রলীগকে আমরা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করেছি। আমরা সকল দলীয় রাজনীতিকে নিষিদ্ধ করেছি। আমরা আর কোন দলীয় ছাত্র সংগঠনকে দখলদারিত্বের রাজনীতি করতে দিব না। পাশাপাশি শিক্ষকদের রাজনীতিও নিষিদ্ধ করা হবে। শিক্ষকরা যেন লাল দল, নীল দল, সাদা দল এসব নামে রাজনীতি করতে না পারে এজন্য প্যানেল ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.