Sylhet Today 24 PRINT

সেই উর্মিকে শাবিপ্রবিতে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ১০ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ও ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবু সাঈদকে নিয়ে কটুক্তির অভিযোগে লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীর নামে এক বিজ্ঞপ্তিতে অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধের কথা জানানো হয়।

তাপসী তাবাসসুম ঊর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ের শিক্ষার্থী ছিলেন।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ শিক্ষার্থীদের নামে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া, জুলাই-আগস্ট গণহত্যা তদন্ত সাপেক্ষ ও অমীমাংসিত বলে গণহত্যার সমর্থন করাসহ ফেসবুকে নানা বিভ্রান্তিকর লেখার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিপ্লবী ছাত্রজনতার বিপ্লবকে অস্বীকার করার জন্য শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী তাপসী তাবাসসুম উর্মীকে ক্যাম্পাসে আজীবন অবাঞ্চিত ও নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এতে আরও বলা হয়, শাবিপ্রবি প্রশাসনের কাছে আমরা দাবি করছি তাপসী তাবাসসুম উর্মীর সনদ বাতিল করার জন্য। এছাড়াও বর্তমান সরকারের কাছে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের দাবি করছে যে, তাপসী তাবাসসুম উর্মীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। জুলাই বিপ্লব অস্বীকার ও শহীদদের নিয়ে কটুক্তি এবং রাষ্ট্রদ্রোহের জন্য তার কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

 এরআগে গত বুধবার লালমনিরহাটের আলোচিত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির ‍বিরুদ্ধে খুলনা মহানগর হাকিম মো. আল আমিনের আদালতে মামলা করা হয়। তার আগে সাময়িক বরখাস্ত করা হয় সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.