Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে এইচএসসি ও সমমানে এগিয়ে মাদ্রাসা, জিপিএতে কলেজ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে গতবারের মত এবারও এইচএসসি ও আলিম পরীক্ষায় পাসের হারে এগিয়ে মাদ্রাসা এবং জিপিএ-৫ বেশি পেয়েছেন কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ১৫ অক্টোবর) এইচএসসি ও আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, জগন্নাথপুর উপজেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৬জন। এইচএসসিতে পাসের হার ৯০.৩১ শতাংশ এবং আলিমে ৯৫.৮৯ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসিতে এ উপজেলার মোট ১০টি কলেজের ১৭৪৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৫৭৬ জন। অকৃতকার্য হয়েছে ১৬৯ জন৷ জিপিএ-৫ এসেছে ২৫টি।

এরমধ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৬টি, শাহজালাল মহাবিদ্যালয়ে ১৫ জন, ষড়পল্লী স্কুল এন্ড কলেজে ২টি, নয়াবন্দর স্কুল এন্ড কলেজে ১টি ও চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে ১টি জিপিএ-৫ এসেছে। এদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২৬৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন ১১ জন। এতে পাশের হার ৯৫.৮৯ শতাংশ। জিপিএ-৫ এসেছে ৬টি। এরমধ্যে হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসায় ১টি, হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া ফাজিল মাদ্রাসায় ৩টি, সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসায় ১টি ও আলজান্নাত ইসলামিক এডুকেশনের ১টি জিপিএ-৫ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.