Sylhet Today 24 PRINT

ঢাবির রাজু ভাস্কর্যের নারীর মাথায় হঠাৎ কালো হিজাব

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০২৪

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারীর মাথা ঢেকে দেওয়া হয়েছিল কালো হিজাব দিয়ে। গতকাল রোববার রাতে এমনটি দেখা যায়। পরবর্তী সময় কয়েকজন সেই কাপড় নামিয়ে ফেলেন।

এদিকে ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি। এমনকি কখন এই কালো কাপড় হিজাবের মতো করে মোড়ানো হলো, সে বিষয়েও কেউ সুস্পষ্ট কিছু বলতে পারেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লিটন নন্দী গতকাল দিবাগত রাত ১২টার দিকে আরও কয়েকজনসহ কাপড় নামিয়ে ফেলেন। লিটন নন্দী আজ সোমবার গণমাধ্যমকে বলেন, ‘আশপাশের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনা বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের যেন শনাক্ত করা হয়।’

এ ঘটনা জানার পর রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ দুজন সহকারী প্রক্টরকে ঘটনা দেখার জন্য পাঠান। সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম রাত ১টার দিকে রাজু ভাস্কর্য এলাকা পরিদর্শনে আসেন।

ঘটনা পর্যবেক্ষণের বিষয়ে সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা রাজু ভাস্কর্যে গিয়ে দেখি, কাপড় নামিয়ে ফেলা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এখন পর্যন্ত এটি আমরা জানতে পারিনি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে।’

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমরা আজকের মধ্যেই তিন থেকে চারজন সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে দেব এ বিষয়ে। আর বিভিন্ন এজেন্সি থেকে ভিডিও ফুটেজ নিয়ে আমরা এটি তদন্ত করব। এখানে এসব করা যাবে না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.