Sylhet Today 24 PRINT

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে শাবিপ্রবিতে রক্তদান কর্মসূচি

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০২৪

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ কর্মসূচির উদ্বোধন করেন শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, এফইটি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র ও সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় এ রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, পৃথিবীতে দুইভাবে সম্পর্ক গড়ে ওঠে। এক হচ্ছে জন্মগতভাবে এবং আরেকটি হচ্ছে রক্ত প্রদানের মাধ্যমে। রক্তদানের মাধ্যমে একজন আরেকজনের সাথে মনের অজান্তেই এক মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। জরুরি প্রয়োজনে আমাদের উচিত একে অন্যকে রক্ত দেওয়া। আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই।

রক্তদান কর্মসূচির বিষয়ে মনির হোসেন বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা আজকের এ কর্মসূচি হাতে নিয়েছি। এ কর্মসূচির মাধ্যমে আমরা নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের মাধ্যমে অন্য মানুষের সেবা করতে পারবো। সবার প্রতি আহ্বান, আপনারা রক্ত দিন এবং মানুষের পাশে দাঁড়ান। আমাদের এ কাজে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.