Sylhet Today 24 PRINT

আবারও শাবিপ্রবি ছাত্রশিবিরের নেতৃত্বে তারেক-তুহিন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটি সূত্রে জানা যায়, ৬ জানুয়ারি নগরীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে শাখার সদস্যদের নিয়ে সদস্য সম্মেলন হয়। সম্মেলনে একপর্যায়ে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যরা প্রত্যক্ষভাবে ভোট দেন। সেখানে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তারেক মনোয়ার।

শাখার নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২৪ সালের মাঝামাঝি (ষাণ্মাসিক) নতুন এই কমিটির সভাপতি-সেক্রেটারিকে দিয়েই শাবিপ্রবি ছাত্রশিবিরের কমিটি গঠন করা হয়েছিল।

নবনির্বাচিত সভাপতি তারেক মনোয়ার বলেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। আমি যেন এই দায়িত্ব একাগ্রতার সঙ্গে পালন করতে পারি, এজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে নৈতিক জায়গা থেকে কাজ করে আসছে। আমরা সেই ধারাবাহিকতা রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সৎ, দক্ষ ও নৈতিক মান উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করব। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সুস্থ-সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যেখানে কোনো হানাহানি থাকবে না। সব শিক্ষার্থী নিজেকে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ মনে করবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সংমিশ্রণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে জন্য ছাত্রশিবির অতীতের মতো কাজ করতে চায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.