Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম: উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১৭ জুন, ২০২৫

শিক্ষক নিয়োগ অনিয়ম নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলন স্থগিত করেছেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, পিএমই বিভাগের প্রভাষক পদে জনাব তাজবিউল ইসলামের অবৈধ নিয়োগের (আবেদনের ন্যূনতম যোগ্যতা না থাকায় তদন্তে প্রমানিত) বিষয়ে এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রো ভিসি  (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও পিএমই বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষার্থীদের সাথে গত ১৬ জুন আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে প্রো-ভিসি মহোদয় নিজে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, জনাব তাজবিউল ইসলামের অবৈধ নিয়োগের বিষয়ে ১৫ জুন ২৩৫ তম সিন্ডিকেটের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ (২৩৫.৩০) অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবেন। প্রো ভিসি মহোদয়ের আশ্বাসের উপর ভরসা রেখে আমরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও বিভাগের ভাবমূর্তি অক্ষুণ রাখার প্রচেষ্টায় আমাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা শিক্ষার্থীরা এই অবৈধ নিয়োগ বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো।

এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি এই নতুন বাংলাদেশে দুর্নীতি, অন্যায়, অবিচারের কোনো জায়গা নাই। আমরা আরও বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব ও যে কোনো অন্যায়ের বিরদ্ধে সদা সোচ্চার। আমরা আশা করি এক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতা করবেন।

এ বিষয়ে শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো৷ সাজেদুল করিম বলেন, পিএমই বিভাগের শিক্ষক নিয়োগের অনিয়ম নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.