শাবি প্রতিনিধি | ২১ জুন, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি এসে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আচমকা সিদ্ধান্ত পরিবর্তনে ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের।
জানা যায়, শাবিতে স্নাতক ৩য় পর্যায়ে বি ইউনিট(বিজ্ঞান) ৪০১-৪৯৫ মেধাক্রম পর্যন্ত ভর্তির জন্য আহবান করে ভর্তি কমিটি। কিন্তু ভর্তির আগের দিন ওয়েবসাইটে ও মেসেজের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের না করে দেয় কর্তৃপক্ষ এবং বি ইউনিট বিজ্ঞানের বদলে বি ইউনিট মানবিকের ৫৮১-৬৫০মেধাক্রম পর্যন্ত ভর্তির জন্য আহবান করে তারা।এতে শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়েছে।
শুক্রবার(২০জুন) রাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।
সাজিদুর রাহমান নামের ভর্তিচ্ছু এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ভর্তির জন্য ডেকে এখন একদিন আগে বলছে না যেতে । আমার বাসা যশোর। আমি বাবার সাথে যাব বলে যাওয়া আসার জন্য মোট ছয় হাজার টাকার টিকিট কাটছি। অনেকে অন্য জাগায় ভর্তি ক্যানসেল করেছে শাবিপ্রবিতে ভর্তি হওয়ার জন্য। অনেকে তো ইতমধ্যে রওনা দিয়েছে। তারা যখন নেবে না তাহলে আগে বললো না কেন?
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, অনেক আসা নিয়ে ভর্তি হতে রওনা দিয়েছিলাম, এখন বাসায় কি জানাবো। আমি সেকেন্ড টাইমার, আমার আর কোথাও হয়নি, এটাই ছিল শেষ ভরসা।
এবিষয়ে শাবিপ্রবি ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুক বলেন, বি ইউনিটে মানবিককে ভর্তির জন্য ডাকার পরিবর্তে বিজ্ঞানকে ভুলে ডাকা হয়েছে। ভর্তি শেষে আমরা বসে আলোচনা করে শিক্ষার্থীদের নির্দেশনা জানাবো।