Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটির মিউজিক স্কুলের সংগীত কর্মশালা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০২৫

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কসমিক রে পরিচালিত মিউজিক স্কুল নবাগত শিক্ষার্থীদের জন্য বাদ্যযন্ত্র শেখার এক কর্মশালার আয়োজন করে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪ পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের উৎসাহজনক উপস্থিতি ছিল।

কর্মশালায় গিটার, ড্রাম ও কাহন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. ইকবাল । উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সহশিক্ষা কার্যক্রম বিশেষ করে সংগীতচর্চা শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়তা করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি  শিক্ষার্থীদের সর্বদা ইতিবাচক মানসিকতা ও সদাচরণ বজায় রাখার আহ্বান জানান।”

তিনি সংগীতের প্রতি নিজের অনুরাগ প্রকাশ করে শিক্ষার্থীদের ভালো মানুষ ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, প্রক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির এবং পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী।

কর্মশালায় গিটার প্রশিক্ষক ছিলেন কসমিক রে-এর সিনিয়র সদস্য রুদ্র সিনহা ও অঙ্কন সরকার অনিক, আর ড্রাম ও কাহন প্রশিক্ষক ছিলেন অম্লান জ্যোতি চৌধুরী। অতিথিদের উদ্দেশ্যে নয়ন তালুকদার রনির (ক্লাব প্রেসিডেন্ট) কণ্ঠে যৌথ সংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও কসমিক রে মিউজিক ক্লাবের  উপদেষ্টা মো. আমীর হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.