Sylhet Today 24 PRINT

শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্তির দাবি শাবি শিক্ষক-শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১৭ আগস্ট, ২০২৫

লোকপ্রশাসন বিভাগকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে লোকপ্রশাসন বিভাগের জন্য একটি স্বতন্ত্র কোড সংযোজনেরও দাবি জানিয়েছেন।
 
 রবিবার (১৭ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এ সময় বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, ‘লোকপ্রশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান দুটি ভিন্ন বিষয়। শুরুতে দুটি বিষয় একত্র থাকলেও নীতি প্রণয়ন ও বাস্তবায়নের পার্থক্যের কারণে আলাদা করা হয়েছে। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারের আওতায় আনার দাবি জানিয়েছে। আমরা সেই দাবির সঙ্গে একমত। একইসঙ্গে কলেজ পর্যায়েও এই বিভাগ চালুর দাবি জানাচ্ছি।’
 
মানববন্ধনে শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, ‘লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে প্রতিটি সরকারই উদাসীনতা দেখাচ্ছে। এই বিভাগকে সবার আগে শিক্ষা ক্যাডারে যুক্ত করা উচিত, কারণ দেশের অনেক মানুষ প্রশাসন বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন না এবং বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির শিকার হন। আমরা বর্তমান সরকারের কাছে দ্রুত শিক্ষা ক্যাডার ও স্কুল-কলেজে লোকপ্রশাসন বিভাগ চালুর আহ্বান জানাই।’
 
অন্য শিক্ষার্থী মাশরুক আর আরফান বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে লোকপ্রশাসন বিভাগের জন্ম হলেও পাঠ্যসূচি ও বিষয়বস্তু প্রায় একই। যদি অন্যান্য বিভাগ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবি জানাতে পারে, তাহলে লোকপ্রশাসন কেন বঞ্চিত হবে? সর্বোত্তম সমাধান হলো এই বিভাগের জন্য একটি স্বতন্ত্র ক্যাডার তৈরি করা, যেখানে কেবল এই বিভাগের শিক্ষার্থীরাই সুযোগ পাবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.