Sylhet Today 24 PRINT

ডাকসুতে শিবিরের প্যানেলে ৪ নারী প্রার্থী

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হিসেবে রয়েছেন ঢাবি শাখার শিবিরের সভাপতি এসএম ফরহাদ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এক সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

ছাত্রশিবির ঘোষিত প্যানেলে স্থান পেয়েছেন চার নারী শিক্ষার্থী।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। তিনি সুফিয়া কামাল হলের ২০২১-২২ সেশনের আবাসিক শিক্ষার্থী।

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের উম্মে সালমা। তিনি সুফিয়া কামাল হলের অনাবাসিক শিক্ষার্থী।

ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না লড়বেন সদস্য পদে। তিনি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফাসানা আক্তার এই প্যানেলে লড়বেন সদস্য পদে। তিনি কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.