Sylhet Today 24 PRINT

ভিসি সরওয়ারের প্রশংসায় ডিসি সারওয়ার

শাবিপ্রবি প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরীর প্রশংসা করেছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে কিশোরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্যের প্রশংসা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন,“শাবিপ্রবির উপাচার্য স্যার শুধু একজন ভালো মানুষই নন, তিনি একজন দক্ষ গবেষকও। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন স্যারকে গভীর রাতেও ল্যাবে গবেষণা করতে দেখতাম। কার্জন হলে হাতে গোনা যে কয়েকজন গবেষক ছিলেন, তাদের একজন ছিলেন স্যার। স্যারকে উপাচার্য হিসেবে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।”

প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“তোমরা পড়াশোনা মনোযোগের সঙ্গে করবে। সিজিপিএ ভালো রাখার চেষ্টা করবে। টিউশনের প্রতি কোনোভাবেই ঝুঁকবে না। টিউশন এক ধরনের লোভের মতো কাজ করে। যখন টাকা আসে তখন বেশি টিউশন করতে মন চায়। এটা কোনোভাবেই করা যাবে না। কোনো কিছু না বুঝলে বড় ভাইবোনদের সহযোগিতা নেবে। বড়রা তোমাদের স্নেহ করবে, তোমরা তাদের সম্মান করবে।”

এছাড়া তিনি কিশোরগঞ্জের গুণীজনদের উদ্দেশে বলেন,“আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে তারা পড়াশোনায় সময় দিতে পারবে। একসময় তারাই কিশোরগঞ্জের গর্ব হবে। আমি আশা করি, আপনারা আপনাদের জেলার শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করবেন।”

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মুজাম্মেল হকের সভাপতিত্বে সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, ছাতক উপজেলার এসিল্যান্ড সঞ্জয় ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী পানসী গ্রুপের ম্যানেজিং পার্টনার হাজী সালাউদ্দিন, শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয় এবং অতিথিদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.