Sylhet Today 24 PRINT

তালিকা প্রকাশের অনুমতি প্রশাসন আমাকে দেয়নি: শাবির শাহপরান হলের প্রভোস্ট

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১২ অক্টোবর, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) শাহপরান হলে সিট বন্টনের তালিকা প্রকাশ না করায় অনিয়মের অভিযোগ তুলেছে হলে অবস্থানরত শিক্ষার্থীরা।

তবে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো ইফতেখার আহমেদ বলছেন, ‘তালিকা প্রকাশের অনুমতিও প্রশাসন আমাকে এখনো দেয়নি’।

রবিবার (১২ অক্টোবর) শাহপরান হলের শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ মন্তব্য করেন তিনি।

প্রভোস্ট বলেন, ‘তোমাদের জন্যই আমি এই হলের দায়িত্বে আছি। তোমরা যেসব দাবি-দাওয়া জানিয়েছো, সেগুলো অবশ্যই যৌক্তিক ও গুরুত্বপূর্ণ। তবে স্পষ্ট করে বলতে চাই—হলের তালিকা বা শিক্ষার্থীদের নামের তালিকা আমি নিজে তৈরি করিনি। এটি সম্পূর্ণভাবে প্রশাসনের পক্ষ থেকে এসেছে, আর আমি শুধু দায়িত্ব পালন করেছি মাত্র।

তিনি আরও বলেন, ‘তালিকা প্রকাশের অনুমতিও প্রশাসন আমাকে এখনো দেয়নি। তবুও তোমরা চাইলে সরাসরি প্রশাসনের কাছে গিয়ে তালিকাটি সংগ্রহ করতে পারো। আর যদি তোমরা আমার প্রতি আস্থা রাখো, তাহলে আমাকে দুইদিন সময় দাও। আমি প্রশাসনের সঙ্গে কথা বলে তোমাদের উত্থাপিত অভিযোগ ও সমস্যাগুলোর সমাধান করে, যথাসম্ভব দ্রুত হলের তালিকা প্রকাশের ব্যবস্থা করব। আশা করি তোমরা এ ব্যপারে আমাকে সহযোগিতা করবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.