Sylhet Today 24 PRINT

শাবিতে তিনদিন ব্যাপি ‘দিক নাট্যপার্বণ’ শুরু মঙ্গলবার

শাবি প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটারের উদ্যোগে তিন দিন ব্যপি ‘দিক নাট্যপার্বণ’ শুরু হচ্ছে মঙ্গলবার।

সোমবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তথ্য দেন দিক থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান নয়ন।

আসাদুজ্জামান নয়ন জানান, ‘দিক নাট্যপার্বণ’ আগামী মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হবে। প্রথম দিন দুপুর ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালির মধ্য দিয়ে শুরু হবে নাট্যপার্বণ।

দ্বিতীয় দিন বুধবার থাকছে দিক থিয়েটারের ২২তম প্রযোজনা নাটক ‘শিখন্ডী কথা’র ৩য় প্রদর্শনী।নাটকটি রচনা করেছেন আনন জামান,নির্দেশনা দিয়েছেন মোতাহের হোসেন সোহেল এবং পূণ:নির্দেশনা দিয়েছেন হাসান আবু জাফর। নাটকটি সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শিত হবে।

তৃতীয় দিন বৃহস্পতিবার থাকছে সিলেট নগরী থেকে আসা নাট্যসংগঠন ‘নাট্যলোক সিলেট’ এর ২৫তম প্রযোজনা নাটক ‘শাস্তি’র ৭ম প্রদর্শনী। নাটকটি রচনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর,নাট্যরূপ দিয়েছেন বীরু মুখোপাধ্যায় এবং নির্দেশনা দিয়েছেন বাবুল আহমদ। নাটকটি সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শিত হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল,সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী, দিক থিয়েটারের সাধারণ সম্পাদক মুশফিক ভূইয়া প্রমূখ।

ইতিমধ্যে ক্যাম্পাসের অর্জুতলায় টিকেট সরবরাহের লক্ষ্যে অস্থায়ী টেন্ট স্থাপন করা হয়েছে। এছাড়া প্রদর্শনীর আগে হল কাউন্টারের সামনেও টিকেট পাওয়া যাবে।

‘দিক নাট্যপার্বণ’ আয়োজনের আহ্বায়ক মো. রিফাত হোসাইন বলেন, দিক থিয়েটারের নাটক মানেই কোন নিছক বিনোদন নয়,বরং নাটক মানেই নতুন স্বপ্ন, নতুন দিন। দিকের প্রতিটি নাটকই একটা বিশেষ কোন বার্তা বাহী আন্দোলন অথবা স্বপ্ন। তাই সমাজকে পরিবর্তনের প্রত্যয়ে নতুন প্রত্যাশা আর স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে আমাদের এ আয়োজন।

উল্লেখ্য, ‘নাটকে সাম্যের আন্দোলন,জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ” এই শ্লোগানকে ধারন করে ১৯৯৯ সালের ১৮ আগষ্ট প্রতিষ্ঠা লাভ করে দিক থিয়েটার। প্রতিষ্ঠাকাল থেকেই সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে সংগঠনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.