Sylhet Today 24 PRINT

২৭ অক্টোবর শাকসুর নির্বাচনের রোডম্যাপ ও কমিশন গঠনের আশ্বাস

শাবিপ্রবি প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০২৫

আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ, তফসিল ঘোষণা ও নির্বাচন কমিশন গঠনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ অক্টোবর (সোমবার) শাকসু নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠন করার আশ্বাস দিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিকেল ৫টার দিকে সেখানে শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন শাবিপ্রবির উপ-উপাচার্য সাজেদুল করিম।

আন্দোলনকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘উপাচার্যের সঙ্গে আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন, আগামী ২৭ অক্টোবর শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনও ঘোষণা করা হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘আগামী সোমবারে শাকসুর রোডম্যাপ, তফসিল ও কমিশন গঠনের ঘোষণা দেওয়া হবে বলে প্রশাসন স্পষ্ট জানিয়েছেন। আমরা আশা করছি, ওই দিনই শাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ আমরা জানতে পারব।তা না হলে আমরা আমাদের কার্যক্রম পুনরায় চালিয়ে যাব, কিন্তু তা আরো কঠোরভাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.