Sylhet Today 24 PRINT

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

বুধবারের মধ্যে রোডম্যাপের দাবি

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ(শাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার জন্য ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে আইপিই বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছকে।

সোমবার (২৭অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচন কমিশন ঘোষণা করেন রেজিস্ট্রার অধ্যাপক সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোঃ কামরুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ মিছবাহ উদ্দিন,অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্থপতি ইফতেখার রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

নির্বাচন কমিশনারদের নাম ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, ঘোষিত কমিটি বর্তমান প্রবিধি অনুযায়ী শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এসময় শিক্ষার্থীরা আগামী বুধবারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

এর জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন কমিশনাররা শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে অতি শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.