Sylhet Today 24 PRINT

শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৪ নভেম্বর, ২০২৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন ।

‘শুক্রবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে ১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে’ –শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের এমন আশ্বাসে মধ্যরাতে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

জানা যায়, শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার উপাচার্যের (ভিসি) সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একদল শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শুক্রবার তফসিল ঘোষণার আশ্বাস দিলেও অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘শাকসু নিয়ে তাল বাহানা, চলবে না-চলবে না', 'শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার?', '২৪ এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার', শাকসু চাই- দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে', ‘ষড়যন্ত্রকারীদের কালো হাত, ভেঙে দাও-গুড়িয়ে দাও' বলে স্লোগান দেন।

পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

তারা শিক্ষার্থীদের বলেন, শুক্রবার দিনের মধ্যে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে আগামী ৯ বা ১০ তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন বলেন, শাকসু আমরাও চাই। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের অংশীজন থাকে, নানা মেকানিজমও থাকে। কালকে নানা জটিলতার কারণে তফসিল ঘোষণা হয়নি। তবে আজকে সন্ধ্যার মধ্যে নির্বাচন কমিশনের সভাপতি উপাচার্য তফসিল ঘোষণা দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.