Sylhet Today 24 PRINT

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০২ ডিসেম্বর, ২০২৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোয়নয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে ২৬ টি ও হল সংসদে ২০ টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বিষয়টি জানান শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্র সংসদের পদের জন্য ৩০০ টাকা ও হল সংসদের পদের জন্য ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়ন জমার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি ও ডোপ টেস্টের রশিদ জমা দিতে হবে।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ৬টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ ও ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.