নিজস্ব প্রতিবেদক | ০৭ ডিসেম্বর, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে ২৩ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয় শিবিরের প্যানেলে ভিপি পদে লড়বেন ইংরেজি বিভাগের ছাত্র দেলোয়ার হাসান শিশির ও জিএস পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম এবং এজিএস পদে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ শাকিল। এছাড়াও অন্যান্য পদে লড়তে প্যানেলে রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রী সংস্থা, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযাত্রীরা।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, যোগ্য প্রার্থী দিয়ে মাধ্যমে গঠিত ইনক্লুসিভ এই প্যানেলের নামকরণ করা হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য'।
ভিপি প্রার্থী শিশির জানান, অন্য প্যানেলের সকলেই তার সহযাত্রী। ভোটে নির্বাচিত হলে ক্যাম্পাস কেন্দ্রীক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়ন করতে তাদের সাথেই কাজ করবেন।
এছাড়াও প্যানেলটি নির্বাচিত হলে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। পাশাপাশি দেশের অন্যান্য যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির প্যানেলের মত শাকসুতেও জয়ের ধারা অব্যাহত রাখার কথা জানায় সংগঠনটি।
ভিডি জিএস ও এজিএস ছাড়া অন্যান্য পদে শিবিরের প্রার্থী হয়েছেন—
ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদক আজাদ শিকদার, ছাত্রীবিষয়ক সম্পাদক আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন।
সদস্য হিসেবে রয়েছেন সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত।
প্রসঙ্গত, ২০ জানুয়ারি এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হতে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তবে শাকসু ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।