Sylhet Today 24 PRINT

সিকৃবিতে জাঁকজমক আয়োজনে ‘ফিশারিজ কার্নিভাল’

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ কার্নিভাল ২০১৬। জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রা শেষে ক্যাম্পাস সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করা হয়। পরবর্তীতে এসিআই গোদরেজ লিমিটেডের সহযোগিতায় অনুষদের  গ্যালারি কক্ষে মৎস্য খাদ্য ও পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ শাহাব উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। কার্নিভাল অনুষ্ঠানের আহ্বায়ক মৃত্যুঞ্জয় কৃন্ডুর সঞ্চালনায় প্রথমেই মৎস্য বিজ্ঞান অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম।

এর পরপরই মৎস্য বিজ্ঞান অনুষদ ছাত্র সমিতির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থী খেয়া ও মাহার সঞ্চালনায় অনুষদের  শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, নৃত্য, কৌতুক আর অভিনয়ের জাদুতে দর্শকরা মেতে উঠে ফিসারিজ কার্নিভালে। সবশেষে মূল আকর্ষণ ছিলো ব্যান্ড দল অভিযাত্রীর গান পরিবেশনা। রাত প্রায় ১২টা পর্যন্ত গমগম করছিলো সিকৃবি ক্যাম্পাস।

এদিকে ফিশারিজ কার্নিভালের অংশ হিসেবে মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ আজ শুক্রবার বেরুলেন আনন্দ ভ্রমণে। সকল বিভাগের শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয় বাসে করে সারা শহর প্রদক্ষিণ করে চলে যান ড্রিম ল্যান্ড পার্কে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.