সিলেটুডে ডেস্ক | ০১ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহীত
জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন “জুলাই সনদ ইউনুস সরকারের এজেন্ডা নয়। এটি নির্ধারণ করবে বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে এগোবে।”
আজ বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভায়’ এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, “জুলাই ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের মধ্য দিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ। যে কপি আপনার কাছে পৌঁছেছে, তা শুধু কালো কালি দিয়ে লেখা। কিন্তু বিশ্বাস করুন, সনদের প্রত্যেকটি অক্ষরই রক্ত দিয়ে লেখা হয়েছে ।
তিনি বলেন, “জুলাই সনদে কোথাও ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়ার কথা বলা হয়নি, কিংবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়নি। এসব বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। ৩৯ পৃষ্ঠার সনদে এমন কোনো বিষয় নেই।”
তিনি আরো বলেন“জুলাই সনদ ইউনুস সরকারের এজেন্ডা নয়। এটি নির্ধারণ করবে বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে এগোবে। গত তিনটি নির্বাচনকে নির্বাচন বলা অপমানজনক। নিশীথরাতের ও ডামি নির্বাচন সম্ভব হয়েছে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর দুর্বলতার কারণে।”
“জুলাই জাতীয় সনদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতির উল্লেখ রয়েছে। এগুলোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মূল আদর্শ। সুতরাং এই সনদকে মুক্তিযুদ্ধবিরোধী বলা মিথ্যাচার ছাড়া কিছু নয়।”