Sylhet Today 24 PRINT

শাবিতে শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

নেতাকর্মীরা দেয়ালে দেয়ালে বিভিন্ন স্লোগান ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাশির লেজ কাটা’, ‘সাবধান পিছনে গুপ্ত, ঐযে গুপ্ত’, ‘গুপ্ত নীতির দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’-লেখা ফুটিয়ে তোলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ‘গুপ্ত’ শব্দকে কেন্দ্র করে ছাত্রদলের উপর ইসলামী ছাত্রশিবির ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আমরা শাবিপ্রবি ছাত্রদল দেয়াল লিখন কর্মসূচি পালন করছি।”

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ছাত্ররাজনীতি হবে উন্মুক্ত, স্বচ্ছ এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। এই ধরনের ‘গুপ্ত রাজনীতি’ শিক্ষার্থীদের মাঝে অবিশ্বাস তৈরি করে।

 “সাধারণ শিক্ষার্থীর পরিচয় ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম করা মানে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা।”

 

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান নাঈম।


বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবির আড়ালে ছাত্রশিবির নিজস্ব সাংগঠনিক তৎপরতা গোপনে অব্যাহত রেখেছে।

“এরই প্রেক্ষিতে শাবিপ্রবি ছাত্রদল শিবিরের এই গুপ্ত ও অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদী দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে, ভবিষ্যতেও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের কর্মসূচি চলবে। শিবির কয় জায়গায় হামলা করে আমরা দেখতে চাই।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.