সিলেটটুডে ডেস্ক | ২৯ এপ্রিল, ২০২৬
সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত ‘গ্রামীণ পরিবার’ এর শিক্ষাপ্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
অন্তর্বর্তী সরকারের সময় অনুমোদন পাাওয়া বিদ্যালয়টির ‘সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ হিসেবে তিনি কাজ করবেন বলে মঙ্গলবার রাতে ইউনুস সেন্টারের ফেইসবুক পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর পরিবর্তনের হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসে। ওই বছর ২৭ অগাস্ট ভিসির দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নতুন সরকার শপথ নেওয়ার পাঁচ দিনের মাথায় ২২ ফেব্রুয়ারি তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে অধ্যাপক নিয়াজের যোগদানের তথ্য দিয়ে ইউনূস সেন্টার বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তিনি এ নতুন দায়িত্ব নিয়েছেন।
“গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতিক্রমে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন।”
২০২৪ সালের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। সরকার গঠনের পর গ্রামীণ ট্রাস্টের অনেকগুলো প্রতিষ্ঠানের মতো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ও অনুমোদন পায়।
ইউনূস সেন্টার বলেছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গত বছর মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়, এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকেও অনুমোদন পায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়টি একযোগে একাডেমিক কার্যক্রম শুরু এবং স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।
প্রায় ৩৩ একর জমির ওপর এই ক্যাম্পাসটি নির্মিত হতে যাচ্ছে তুলে ধরে ইউনূস সেন্টার বলেছে, জমির প্রথম অংশটি ২০১৪ সালে গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলে অধিগ্রহণ করা হয়। তবে বারবার প্রক্রিয়া সম্পন্নের পরেও তৎকালীন সরকার অনুমোদন না দেওয়ায় প্রকল্পে বিলম্ব হয়েছে। ফলে এর কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।