Sylhet Today 24 PRINT

উপাচার্য হিসেবে শাবির ড. ইকবালের নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে ব্যাপক সংঘর্ষ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২৬

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা ৪ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উত্তেজনার মধ্যেই রোববার বিকেলে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে কাজে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব জানান, পুরো ক্যাম্পাসে তাণ্ডব চলেছে। পরে বিকেলে আগের ভিসি অধ্যাপক ড. জয়নাল আবেদীনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

এর আগে, ডুয়েট শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয় ক্যম্পাস। দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ আহত হন ১৭ জন।

গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে একদল শিক্ষার্থী। তারা ঢাকা শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

শুক্রবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। তারা নবনিযুক্ত উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ব্যানারও টানিয়ে দেন।

এদিকে, ডুয়েট ক্যাম্পাস অস্থিতিশীল করা ছাত্র শিবিরের পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রোববার এক বিবৃতিতে বলেন, 'ডুয়েটে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই সাধারণ শিক্ষার্থী লেবাসধারী ডুয়েটের ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী এই নিয়োগ বাতিল করে ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগের বায়না ধরে।'

অন্যদিকে ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলা হয়েছে বলে দাবি করেছে ছাত্র শিবির। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, 'ডুয়েটে উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলা করেছে।'

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ক্যাম্পাসে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.