Sylhet Today 24 PRINT

এমসি কলেজের নতুন অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০২৬

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারী কলেজ-২ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে তিনি মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বদলি ও পদায়ন করা হয়েছে। এই আদেশের অংশ হিসেবে অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদকে এমসি কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব দেওয়া হল।

অধ্যাপক তোফায়েল আহাম্মদ বিসিএস (সাধারণ শিক্ষা) ১৬তম ব্যাচের একজন কর্মকর্তা। তার শিক্ষাকতার ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে এই এমসি কলেজেই। ১৯৯৮ সালে তিনি এমসি কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর পর্যায়ক্রমে ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
দীর্ঘ কর্মজীবনে তিনি এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেছেন। ২০২৫ সালে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন।

শিক্ষকতার পাশাপাশি তিনি এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মেন্টর হিসেবে যুক্ত ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ জানান, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ শুকরিয়া। সিলেটের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে আরও এগিয়ে নিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সহশিক্ষা কার্যক্রমেও দেশসেরা হতে পারে, সেদিকে আমার বিশেষ লক্ষ্য থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.