Sylhet Today 24 PRINT

এসআইইউ ইংরেজি বিভাগের স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২৬

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত 'স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যক্রমে নয়, তাদের জ্ঞানের বিচিত্র শাখায় বিচরণ করতে হবে। এওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ স্বীকৃতি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। তাই শুধু শ্রেনীকক্ষ নয়, আজকের শিক্ষার্থীদের শিখতে হবে জীবন ও প্রকৃতি থেকেও। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আদর্শ মানুষ হয়ে গড়ে উঠার আহবান জানান।

২১ জুলাই, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের 'স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড' অনুষ্ঠানের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উপরোক্ত কথাগুলো বলেন।

ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড কমিটির আহবায়ক স্বাতী রানী দেবনাথ।

ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া ওয়ান্নেহার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর শামসুল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন খালেদ হোসেন এবং প্রাক্তণ এওয়ার্ডির পক্ষ থেকে আবু বক্কর সিদ্দিক, অনুজ আচার্য্য এবং নাঈমা রহমান তন্নী।

আলোচনা শেষে স্প্রিং ২০২৬ সেমিস্টারের জন্য ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো: তাওহীদ আহমদ এবং তৃতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী নওশীন কালাম শ্রাবণীর হাতে 'স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড' তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়তাসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে গত দু'বছর যাবত এ এওয়ার্ড প্রদান করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.