সিলেটটুডে ডেস্ক | ০৩ আগস্ট, ২০২৬
জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি)-এর ‘এআই অ্যান্ড রোবোটিক্স ক্লাব’-এর উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ও রোবোটিক্স বিষয়ে উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. সাইফুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি এবং অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর রহমান, পিএসসি, পিএইচডি, এইসি। তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং গবেষণার গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন স্যামসাং আরঅ্যান্ডডি ইনস্টিটিউট বাংলাদেশ-এর সিনিয়র প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ও ওয়্যারেবল টিমের প্রধান প্রকৌশলী রকিফুল হাসান। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান ও ভবিষ্যৎ, রোবোটিক্সের বাস্তব প্রয়োগ, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সম্ভাবনা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে তথ্যসমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক আলোচনা করেন।
কর্মশালার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, প্রোগ্রামিং এবং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করে। অতিথি বক্তা প্রতিটি প্রশ্নের বাস্তবধর্মী ও প্রাঞ্জল উত্তর প্রদান করেন।
এআই অ্যান্ড রোবোটিক্স ক্লাবের আহ্বায়ক হিসেবে কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের আইসিটি প্রভাষক ইকরামুল। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সহকারী শিক্ষক জয়নুল আবেদীন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশে জেসিইএসসি এআই অ্যান্ড রোবোটিক্স ক্লাব নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। ভবিষ্যতের প্রযুক্তিনেতা তৈরির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।