Sylhet Today 24 PRINT

মাতৃভাষা দিবসে শাবিপ্রবিতে লোগো বিতর্ক

শাবি প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে লোগোর ‘রঙ’ পরিবর্তন করে ছাপানোর অভিযোগ পাওয়া গেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন পর্ষদ-২০১৬ তাদের আমন্ত্রণ পত্রে এবং সেমিনারে ব্যবহৃত ব্যানারে ভিন্ন রঙের লোগো ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত লগোর উপরের অংশে হলুদ ব্যাকগ্রাউন্ডে কাল কালিতে ‘‘শাহজালাল’’ লেখা হয়েছে যার সাথে সবুজ রঙের দুটি চা পাতা রয়েছে। লগোর নিচের অংশে  ‘‘সিলেট’’ লেখাটি লাল রঙের।

কিন্তু আমন্ত্রণ পত্রে ব্যবহৃত লগোতে উপরের অংশে লালচে ব্যাকগ্রাউন্ডে সাদা কালিতে ‘‘শাহজালাল’’ লেখা হয়েছে। ব্যবহৃত চা পাতা দুটির রঙ ও কাল। নিচের অংশের সিলেট লেখাটি কাল রঙের।

অপরদিকে সেমিনারে ব্যবহৃত ব্যানারের লগোতে ওই উপরের অংশের হলুদ ব্যকগ্রাউন্ডে লাল কালিতে ‘‘শাহজালাল’’ লেখা হয়েছে।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম বলেন, লোগো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিচায়ক। একটা নিয়মের মাধ্যমেই লোগোটি তৈরী হয়েছে। এর কোন কিছুই চাইলে পরিবর্তন করা যায় না।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপনের জন্য ৩১ সদস্যের একটি কমিটি করা হয়েছে যার সভাপতি সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ। তিনি সভাপতির সাথে যোগাযোগ করতে বলেন।

এ বিষয়ে অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদের সাথে মুঠোফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.