Sylhet Today 24 PRINT

ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের শিবগঞ্জে অবস্থিত হোয়াইট হাউজ অডিটোরিয়ামে ক্লাসিক কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ শহিদুল হক বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার অপরিহার্য। শৃঙ্খলা ও নৈতিকতা চর্চার পাশাপাশি ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থীর সাফল্য পূর্ণতা পায় না; জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

উচ্চশিক্ষার পথকে সহজ ও সফল করতে শিক্ষাজীবন থেকেই লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যয়ন ও সময়ের যথাযথ ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্যের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই শিক্ষার্থীদের সময়ের অপচয় না করে জ্ঞানার্জন, আত্মউন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হতে হবে।

ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. লবিবুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষিকা খুশী ফেরদৌসির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটাল কলেজের লেকচারার ডা. জাহেদ আহমদ জাবুর, ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আমিন উদ্দিন, কো-অর্ডিনেটর আব্দুল গাফফার নাহিদ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.