Sylhet Today 24 PRINT

ছাত্রদল-ছাত্রশক্তির আটকের পর জবির ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।

উপাচার্য বলেন, প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপরেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন তারা। পরে আটক কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে হস্তান্তর করেন। এ সময় তাঁরা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করেন।

এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমও জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। তিনি জানান, করিডরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখার কারণ জানতে চেয়ে শিক্ষার্থীরা তাঁকে প্রশ্ন করেন এবং এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.