নিজস্ব প্রতিবেদক | ১৯ নভেম্বর, ২০২৬
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি শুক্রবার (২০ নভেম্বর) এক দিনের সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি সরকারি অনুদান বিতরণ, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এ ছাড়া বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সফরের প্রথম কর্মসূচিতে বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্রোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়াসহ সাতটি জটিল রোগে আক্রান্ত সিলেট সিটি করপোরেশন এলাকার উপকারভোগীদের মধ্যে বিইএফটিএন পদ্ধতিতে এককালীন অনুদান বিতরণ করবেন তিনি।
বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেবেন। এটি অনুষ্ঠিত হবে সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে।
সন্ধ্যা ৬টায় সিলেট জেলা ও মহানগর জাসাসের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মন্ত্রী। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিলেট জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণের বিষয়ে আয়োজিত বৈঠকে অংশ নেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় ১৫ জন শিক্ষার্থীর মধ্যে চেক হস্তান্তর করবেন তিনি। এসব কর্মসূচি সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন খন্দকার আব্দুল মুক্তাদির। সানরাইজ কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রাতেই তার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) স্বাক্ষরিত ১৯ নভেম্বরের সরকারি সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।