Sylhet Today 24 PRINT

গোপালগঞ্জে হামলার শিকার শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়ি, আহত ২

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ফিল্ড ওয়ার্কে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের একজনের মাথায় আঘাত লেগেছে এবং অন্যজনের পিঠে ভাঙা কাচ ঢুকে গেছে।

রোববার (২৯ নভেম্বর) কুয়াকাটায় যাওয়ার পথে উপজেলার ছাগলছিরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁদের বহনকারী গাড়িগুলো মুকসুদপুরে পৌঁছালে সেগুলো আটকে দেওয়া হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় একটি হাইওয়ে হোটেলে আশ্রয় নেন। সেখান থেকে বের হওয়ার উপায় নিয়ে দিনভর স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করেন তাঁরা।

শিক্ষার্থীদের ভাষ্য, আলোচনার একপর্যায়ে চাপের মুখে সেখান থেকে রওনা দেন তাঁরা। কিছু দূর যাওয়ার পর একটি বাজারে পৌঁছালে তাঁদের গাড়িতে আবারও হামলা চালানো হয়। এ সময় মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এতে চালকসহ কয়েকজন আহত হন। পরে চালক গাড়িটি ঘুরিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আগের হোটেলে ফিরিয়ে নিয়ে যান।

ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টা পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিল বলে জানান এক শিক্ষার্থী।

নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা সবাই এখনো আতঙ্কিত রয়েছি। কী হবে, এখনো কিছু বলা যাচ্ছে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে তাদের নিরাপদে ফিরিয়ে আনা যায়। পুলিশি নিরাপত্তায় তাদের পদ্মা সেতু পার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে সারা দিন তা সম্ভব হয়নি। এখন সবার সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।’

আহত ব্যক্তিদের বিষয়ে প্রক্টর জানান, দুজন আহত হয়েছেন। তাঁদের একজনের মাথায় আঘাত লেগেছে এবং অন্যজনের পিঠে ভাঙা কাচ ঢুকেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাঁদের ঢাকায় পাঠানো হবে।

অধ্যাপক মোখলেছুর রহমান আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানকার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.