Sylhet Today 24 PRINT

সৃজনশীল মেধা অন্বেষণ শুরু ১ মার্চ

ডেস্ক রিপোর্ট |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

শহর ও গ্রামে শিক্ষার বৈষম্য নিরসন ও অবহেলা অনাদরে বেড়ে উঠা প্রতিভাকে খুঁজে বের করে বিকশিত করার লক্ষ্যে আগামী ১ মার্চ দেশব্যাপী তৃতীয় বারের মতো সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৫ শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ উপলক্ষে আগামী ১ মার্চ সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগরীর ৫০ হাজার শিক্ষার্থীর সমন্বয়ে এক বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা হবে। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। চারটি বিষয়ে এ প্রতিযোগিতা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।

এবার সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পর্যায়ে ১-৩ মার্চ, জেলা পর্যায়ে ৭-৯ মার্চ, বিভাগীয় পর্যায়ে ১২-১৫ মার্চ, ঢাকা মহানগর পর্যায়ে ১৬-১৯ মার্চ এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২২ মার্চ। জাতীয় পর্যায়ে বছরের সেরা ১২ জনকে আনুষ্ঠিকভাবে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

এ বিষয়ে আরো বিস্তারিত জানতে www.moedu.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.