Sylhet Today 24 PRINT

‘সুইসাইড নোট’ লিখে শাবি ছাত্রের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পেছনের টিলারগাঁও এলাকার একটি মেস থেকে বিশ্বজিৎ মল্লিক নামের ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্বজিৎ শাবির  ফরেস্ট্রি বিভাগের ২য় বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র। টিলারগাঁও এলাকার একটি মেসে বন্ধুদের সাথে থাকতেন তিনি। মরদেহ উদ্ধারের সময় পুলিশ ওই কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা। তবে ওই নোটে কী লেখা আছে তা জানাতে পারেননি তাঁরা।

বিশ্বজিতের বন্ধুরা জানান, শনিবার দুপুরে অন্য বর্ডাররা মেস থেকে বেরিয়ে গেলে বিশ্বজিৎ একাই সেখানে ছিলেন। রাতে বন্ধুরা মেসে ফিরে অনেক ডাকাডাকি করলেও বিশ্বজিৎ কোনো সাড়া দেননি। পরে তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে বিশ্বজিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাত ১২ টার দিকে প্রক্টরের উপস্থিতিতে পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে বিশ্বজিতের মরদেহ নামিয়ে আনে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বিশ্বজিৎ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তে এ বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্বজিতের বন্ধুরা জানিয়েছেন, বিশ্বজিৎ কিছুদিন ধরেই বিষণ্ণতায় ভুগছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.