নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মহড়ায় ক্যা¤পাস জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রবিবার শাবি ছাত্রলীগের কমিটি সমর্থক পার্থ-সবুজ গ্রুপ ও কমিটি বিরোধী উত্তম-অঞ্জন গ্রুপের নেতাকর্মীদের মহড়ায় ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়- রবিবার বেলা ২টার দিকে ছাত্রলীগের কমিটির গ্রুপের সেক্রেটারি ইমরান খান ও যুগ্ম সাধারণ স¤পাদক সাজেদুল ইসলাম সবুজের নেতৃত্বে কমিটি সমর্থক প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ক্যা¤পাসে প্রবেশ করে ইউনিভার্সিটি সেন্টারে অবস্থান নেয়। খবর পেয়ে প্রতিপক্ষ অঞ্জন-উত্তম গ্রুপের নেতাকর্মীরা শাহপরান হলের সামনে অবস্থান নেয় ও মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। ফলে ক্যা¤পাসে আতঙ্কের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালাবাদ থানা থেকে অতিরিক্ত পুলিশ এনে ক্যাম্পাসে মোতায়েন করে।
শাবিপ্রবি ছাত্রলীগের কমিটির সেক্রেটারি ইমরান খান জানান, তাদের সমর্থক শিক্ষার্থী যারা হলে উঠার জন্য আবেদন করেছে, তাদের মধ্য থেকে যোগ্যদেরকে যেনো প্রশাসন হলে সিট দেন এবং কোন পক্ষপাতিত্বের ঘটনা যেনো না ঘটে এই বিষয়টি নিশ্চিত করতে তারা ক্যাম্পাসে এসেছেন। নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত তারা ক্যাম্পাস থেকে যাবেন না বলে জানান তিনি।
শাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক ছাত্রলীগ নেতা সাজেদুল ইসলাম সবুজ বলেন, উত্তম কুমার দাস ছাত্রলীগের একজন বহিষ্কৃত কর্মী ও হত্যা চেষ্টা মামলার আসামী। সে ছাত্রলীগের কেউ না। অঞ্জন-উত্তমদের নিয়ন্ত্রণে থাকা হলে ছাত্রদল ও শিবিরের ক্যাডাররাও থাকছে বলে তিনি জানান।
এদিকে ছাত্রলীগ নেতা অঞ্জন রায় বলেন, শাবিপ্রবি হলে ক্যাম্পাসের নিয়মিত ছাত্ররাই থাকছে। ক্যা¤পাসে বা ক্যা¤পাসের বাইরে ছাত্রদল বা ছাত্রশিবিরের কোন কার্যক্রমই এখন নেই।
তিনি জানান- হত্যা মামলার আসামী আর অছাত্রদের একটি বিশ্ববিদ্যালয়ের হলে থাকার কোন অধিকার নেই, সাধারণ শিক্ষার্থীরাই এটা মেনে নেবে না।
শাবি প্রক্টর জনাম এমদাদুল হক জানান, শাবি উপাচার্য ছুটিতে বাইরে থাকায় এখনই কোন সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। আগামী দশ তারিখের পরে মাননীয় ভিসি ক্যা¤পাসে আসার পর মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
‘যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে প্রস্তুত রয়েছেন’ মন্তব্য করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা সংঘর্ষ এড়াতে কাজ করব।