সিলেটটুডে ডেস্ক | ১৭ জুলাই, ২০১৬
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর রবিবার খুলেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)।
রবিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুরোদমে চালু হয় এবং বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাস নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়। পূর্ব নির্ধারিত ফাইনাল পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
ক্যাম্পাস খোলার প্রথমদিনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক কর্মকর্তাদের কুশল বিনিময় করতে দেখা গেছে। সকাল ৯টা থেকেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম বিভিন্ন অনুষদে যান। এসময় তাঁর সাথে ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান।
ভিসি মহোদয় পর্যায়ক্রমে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদ, কৃষি অনুষদ, মৎস্যবিজ্ঞান অনুষদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে গেলে শিক্ষকরা তাঁকে স্বাগত জানান। ভিসি সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন। দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে এবং কোন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হয় সে ব্যাপারে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ভিসি।
এদিকে ভিসি প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম সিকৃবির কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলামসহ দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা যায় সকাল থেকেই শহরের বিভিন্ন রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে ৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল।