Sylhet Today 24 PRINT

সংসদে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ বিল পাস

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৬

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে তাঁর নামে প্রতিষ্ঠিত হতে যাওয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাশ হয়েছে।
 
রোববার (১৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৬’ বিল পাস হয়। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।
 
বিলটি সর্ম্পকে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সংরক্ষণ ও তার সাহিত্যকর্মের ওপর লেখাপড়া, চর্চা এবং গবেষণা চালাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৬’ নামের এই বিলটি আনা হয়েছে।
 
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে। যেখানে রবীন্দ্রনাথের দর্শন ও বিশ্ব সংস্কৃতি চর্চা হবে। শুধু তাই নয়, সেখানে কলা, সঙ্গীত, নৃত্য, চারুকলা, সমাজ বিজ্ঞান, কৃষি, সমবায়, আইন, ব্যবসা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রকৌশলী প্রযুক্তি ফ্যাকাল্টি থাকবে। বিশ্ববিদ্যালয়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো একটি বৈধ কাঠামো থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
 
বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। কিন্তু তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি সর্বসম্মতিতে পাস হয়।
 
গত ৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটির সুপারিশ করা আকারে বিলটি পাস হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হবে।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.