সিলেটটুডে ডেস্ক | ১৮ জুলাই, ২০১৬
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ নজরদারির আওতায় আনতে চট্টগ্রাম নগরীর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) চালু করা হয়েছে।
সোমবার চট্রগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সিস্টেমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রুহুল আমীন। এ সময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
এর মধ্য দিয়ে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ১৩০ জন শিক্ষার্থী, ২১১ জন শিক্ষক ও ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীকে ইএমএস সিস্টেমের আওতায় আনা হলো।
বিভাগীয় কমিশনার রুহুল আমীন বলেন, সাম্প্রতিককালে ঘটে যাওয়া জঙ্গিবাদ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ সিস্টেমের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা জানা যাবে। এতে অনেক অজানা বিষয় যেমন জানা যাবে, তেমনি অনেক বিষয়ে সচেতনও হওয়া যাবে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ইএমএস সিস্টেম শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় বিষয় সঠিকভাবে তদারকি করতে সহায়ক ভূমিকা পালন করবে। এ সিস্টেমের মাধ্যমে মা-বাবা ঘরে বসেই জানতে পারবে ছেলে স্কুলে গেছে কি-না, কয়দিন উপস্থিত ও কয়দিন অনুপস্থিত ছিল, পরীক্ষায় ফলাফল কেমন হল ইত্যাদি।
ইএমএস হলো শিক্ষা প্রতিষ্ঠানসমূহের দৈনন্দিন কার্যক্রম সার্বক্ষণিক পরিপূর্ণ নজরদারির আওতায় রাখার একটি অনলাইনভিত্তিক সিঙ্গেল প্লাটফর্ম। এখানে শিক্ষক-শিক্ষার্থীদের বায়োমেট্রিক অনলাইন হাজিরা ব্যবস্থাপনা, অনিয়মিত শিক্ষার্থীদের আলাদা তালিকা, ফলাফল তৈরি ও প্রকাশের ব্যবস্থা, অনলাইন পেমেন্ট, স্বয়ংক্রিয় হাজিরা, শিক্ষক-শিক্ষার্থীদের যাবতীয় পোর্টালসহ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার প্রায় সকল মডিউল থাকবে। মাত্র ৫০-৬০ হাজার টাকা খরচ করে একটি শিক্ষা প্রতিষ্ঠান এই সিস্টেমটি চালু করতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা।