Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ নিয়ে শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান ড. জাফর ইকবালের

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২১ জুলাই, ২০১৬

চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি এ আহ্বান জানান। শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে জাফর ইকবাল বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। যারা সন্ত্রাসী কর্মকান্ড করছে তারা নিজেরাই জানে তারা কিছুই করতে পারবে না। তারা শুধু বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান নষ্ট করতে পারবে। তিনি সবাইকে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানান।

ক্যাম্পাস সূত্র জানা যায়, র‌্যালিটি বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরোও বক্তব্য রাখেন , অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক মো. ইউনুস, অধ্যাপক সাজেদুল করিম, অধ্যাপক রাশেদ তালুকদার,অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক তাজ উদ্দিন , অধ্যাপক মস্তাবুর রহমান, সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন প্রমুখ।

সমাবেশ বক্তরা বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা এটি বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা কখনোই ঘটেনি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা প্রসার না ঘটে সেজন্য পরিবার, সমাজ তথা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের নামে মানুষ হত্যা করে বরং তারা ইসলামের ক্ষতি করছে।

বক্তারা বিপদগামী হয়ে যারা জঙ্গী কার্যক্রমে অংশ নিচ্ছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

সমাবেশের শুরুতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। র‌্যালিতে শিক্ষকদের পাশাপাশি  দুই শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.