Sylhet Today 24 PRINT

জঙ্গি সন্দেহে আটক করা শাবির দুই শিক্ষার্থীকেই ছেড়ে দিয়েছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক |  ২৬ আগস্ট, ২০১৬

জঙ্গিবাদে সম্পৃক্ততার সন্দেহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) থেকে আটক করা দুই শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে র‌্যাব। বুধবার বিকেলে আটকের পর তাদের একজনকে বুধবার রাতে ও অপরজনকে বৃহস্পতিবার রাতে ছেড়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের জঙ্গি সম্পৃক্ততার কোনো তথ্য না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় বলে জানায় র‌্যাব।

শাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার আটক করা দুই শিক্ষার্থীকেই ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী রোকনুজ্জামান রানাকে ছেড়ে দেয়া হয়। এর আগে বুধবার রাতে ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিনকে ছেড়ে দেয়া হয়।

এই দুজনকে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী তপোবন আবাসিক এলাকা থেকে আটক করা হয়েছিলো।

প্রসঙ্গত, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে এর আগে ৪ শাবি শিক্ষার্থীকে আটক করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা তাদের আটক করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.