Sylhet Today 24 PRINT

ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার শাবি শিক্ষার্থী

শাবি প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

ঈদের ছুটি শেষে বাসা থেকে ক্যাম্পাসে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর লামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঐ শিক্ষার্থীর নাম ফারহান তানভীর প্রিয়ন্ত। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পেট্রোলিয়াম এন্ড মাইনিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ সময় তার সহপাঠী মাহফুজুর রহমান নাফি তাঁর সাথে ছিলেন। তিনি জানান, ভোর পাঁচটার দিকে বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে একসাথে ফিরছিলেন তারা। লামাবাজার এলাকায় পৌঁছলে ছুরি হাতে তিনজন লোক এসে কথাবার্তা এক পর্যায়ে প্রিয়ন্তকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে চলে যায়।

এ ঘটনায় পেট্রোলিয়াম এন্ড মাইনিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরহাদ হাওলাদার দুঃখ প্রকাশ করে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে সে এখন অনেকাংশেই আশংকামুক্ত। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.