Sylhet Today 24 PRINT

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর)  সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১১টায় সম্পন্ন হয়।

‘খ’ ইউনিটে ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩৪ হাজার ৬০৬ জন। প্রতি আসনের জন্য পরীক্ষা দেন ১৫ শিক্ষার্থী।

ক্যাম্পাসের বাইরের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কাউকে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। অতিরিক্ত সর্তকতা মেনে প্রতিটি ভবনের প্রবেশ মুখে পুলিশের অবস্থান নেয়। এছাড়া গতবছরের ন্যায় এবারও ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করছে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যানসহ যাবতীয় তথ্যের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.