শাবিপ্রবি প্রতিনিধি | ০৬ নভেম্বর, ২০১৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের ১২তম (২০১৫-১৬ সেশন) ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এফইটি সোসাইটি এই নবীনবরণের আয়োজন করে।
নবীনবরণ অনুষ্ঠানে এফইটি বিভাগের প্রধান প্রফেসর ড. মো.. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তৌসিফ ও তামান্নার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি বলেন, যারা নবীন আছে তারা সারা জীবন নবীনই থাকবে, শারীরিক দিক দিয়ে ধীরে ধীরে প্রবীণ হলেও মনের দিক দিয়ে নবীনই থাকবে।
১২তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে পরিপূর্ণ মানুষ হতে হবে। সমাজ, সমাজের মানুষ, রাজনীতি তথা সবকিছুতে তোমাদেরকে অবদান রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে এই নবীন শিক্ষার্থীরাই মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শহীদুর রহমান ও এফইটি বিভাগের প্রফেসর ড. ইফতেখার আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসাইন, সহকারী অধ্যাপক অনিমেষ সরকার, রহমাতুজ্জামান রানা, মনির হোসাইন, কামরুননাহার মোনালিসা, মিজানুর রহমান ও আফজাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফইটি সোসাইটির সহ-সভাপতি আর রাফি।
এফইটি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। নবীনবরণ শেষে এফইটি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় সার্বিকভাবে সহযোগিতায় করেছে এফইটি বিভাগের ১১তম ব্যাচ।